উচ্চ শিক্ষার জন্য প্রফেসর / সুপারভাইজর খুঁজবেন কিভাবে?

  • author-image

    Masum Hossain

  • blog-tag study abroad, higher education
  • blog-comment 0 comment
  • created-date 02 Nov, 2025
blog-thumbnail

ভাবুন, আপনি একটি ব্যস্ত বিমানবন্দরে দাঁড়িয়ে আছেন। শত শত ফ্লাইট উঠছে নামছে, কিন্তু আপনি অপেক্ষা করছেন ঠিক একটি নির্দিষ্ট গন্তব্যের জন্য নির্ধারিত ফ্লাইটের। সেই ফ্লাইটে ওঠার জন্য আপনাকে আগে জানতে হবে কোন এয়ারলাইনের ফ্লাইট, কখন ছাড়বে, কোন গেট থেকে বোর্ডিং হবে, এবং আপনার টিকিট ঠিক আছে কিনা।
বিদেশে উচ্চশিক্ষার জন্য অধ্যাপক খোঁজা অনেকটা এমনই সঠিক গন্তব্য, সঠিক প্রস্তুতি, এবং নির্ভুল উপস্থাপনা।

অনেক শিক্ষার্থী এই প্রক্রিয়ায় হেরে যান শুধু অনিয়মিত খোঁজ, দুর্বল যোগাযোগ এবং অপরিপক্ব ই-মেইলের কারণে। কিন্তু যারা ধৈর্য ধরে অধ্যবসায় করে যান, তারা ঠিকই নিজের জায়গা করে নেন।

অধ্যাপক খোঁজেন আপনিও, তিনিও খোঁজেন আপনাকে!

আমরা যেমন স্কলারশিপ ও অধ্যাপক খুঁজি, তেমনি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকগণও খোঁজেন এমন শিক্ষার্থী যারা তাদের গবেষণায় অবদান রাখতে পারে। কিন্তু তারা শুধু তখনই আগ্রহী হন, যখন কোনো শিক্ষার্থীর আগ্রহ ও যোগ্যতা দু'টোই মিলে যায় তাদের গবেষণার সাথে।

বিদেশে অধ্যাপকরা ছাত্র নিতে রাজি হন তখনই, যখন তারা বুঝতে পারেন এই শিক্ষার্থীটি আমার ল্যাবে আসলে সত্যিই কিছু করে দেখাতে পারবে।

অধ্যাপক খোঁজার ধাপগুলো
১. বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ঘাঁটুন।
প্রথমে পছন্দের দেশ ও বিশ্ববিদ্যালয় বেছে নিন। সংশ্লিষ্ট বিভাগের ওয়েবসাইটে গিয়ে অধ্যাপকদের তালিকা দেখুন। সেখানে তাদের গবেষণার বিষয়, ই-মেইল ও প্রকাশনা লিঙ্ক থাকে।

২. গবেষণাপত্র পড়ুন ও বিশ্লেষণ করুন!
Google Scholar, ResearchGate-এর মতো প্ল্যাটফর্মে অধ্যাপকের প্রকাশিত গবেষণা পড়ুন। দেখুন আপনার আগ্রহ তাদের গবেষণার সাথে কতটা মিল খায়।

৩. ই-মেইল পাঠান সংক্ষিপ্ত ও প্রাসঙ্গিকভাবে।
ই-মেইল যেন হয় সুনির্দিষ্ট, সংক্ষেপ এবং ব্যক্তিগতকৃত (Customized)। শুরু করুন “Dear Dr. Last Name দিয়ে।বিস্তারিত নিজের পরিচয়, আগ্রহের বিষয়, অধ্যাপকের গবেষণার প্রতি আগ্রহ, এবং যুক্ত করা সিভির কথা লিখুন।

৪. একটি শক্তিশালী এক পৃষ্ঠা সিভি তৈরি করুন।
Academic CV-তে আপনার শিক্ষাগত যোগ্যতা, থিসিস বা গবেষণা কাজ, IELTS/GRE স্কোর, অভিজ্ঞতা, এবং সফট স্কিল যুক্ত করুন।

৫. ধৈর্য ও ধারাবাহিকতা বজায় রাখুন।
অনেকে উত্তর দেয় না, কেউ “No Fund” বলে ফিরিয়ে দেয়।কিন্তু অনেক সময় অধ্যাপকরা অপেক্ষা করেন এমন একজনের জন্য, যিনি তাদের কাজ ভালোভাবে বুঝে আবেদন করেছেন। তাই লেগে থাকুন।

ই-মেইল লেখার নমুনা কাঠামো-

Subject: Prospective Graduate Student – Research Interest in Your Field

Greeting: Dear Dr. Professor’s Last Name
Intro: আমি বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আপনার গবেষণা পড়েছি...
Interest: আপনার “XXXX” বিষয়ে গবেষণা আমার আগ্রহের কেন্দ্রবিন্দুতে…
Request: আপনার ল্যাবে কোনো সম্ভাবনা থাকলে আমি আবেদন করতে আগ্রহী…
Attachment: সংযুক্তিতে আমার CV এবং ট্রান্সক্রিপ্ট রয়েছে।
“Dear Sir”, “Respected Sir” অথবা কপি-পেস্ট করা ই-মেইল পাঠাবেন না।

অনেকেই মনে করেন স্কলারশিপ পাওয়া অনেকটা ভাগ্যের বিষয়। বাস্তবতা হলো এটা একটি পরিকল্পিত ও ধৈর্যশীল প্রস্তুতির ফল।
কেউ ৫০টা অধ্যাপককে ই-মেইল করে, ৪৯ জন উত্তর দেয় না, কিন্তু একজন দিয়ে দেয় জীবনের টার্নিং পয়েন্ট।
কেউ এক বছর ধরে যোগাযোগ রেখে অধ্যাপককে রাজি করায়।
আপনার ধৈর্যই একসময় রূপ নেবে সফলতায়।

নেটওয়ার্কিং এবং রেফারেন্সের গুরুত্ব?

অনেক বাংলাদেশি শিক্ষার্থী যখন পড়া শেষ করে চলে যান, তারা পরবর্তীতে নতুন শিক্ষার্থীদের জন্য রেফারেন্স দেন।
আপনার সিনিয়র, মেন্টর বা আগের শিক্ষার্থী যারা বিদেশে আছেন তাদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলুন। তারা অনেক সময় আপনাকে অধ্যাপকের কাছে রেফার করতে পারেন, যা খুবই কার্যকর।

ভালো রেফারেন্স ও ইতিবাচক যোগাযোগ, আপনার সম্ভাবনা বাড়ানোর সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।

একজন অধ্যাপক পাওয়া মানে শুধু উচ্চশিক্ষার দরজা নয়, বরং ভবিষ্যতের গবেষণা, কাজ, এবং ক্যারিয়ারের পথ খুলে যাওয়া।
তারা শুধু গাইড নয়, একজন মেন্টর, যিনি আপনাকে তৈরি করবেন ভবিষ্যতের একজন স্কলার হিসেবে।

“Opportunities don’t happen, you create them.”
— Chris Grosser

বিদেশে উচ্চশিক্ষা সহজ নয়, কিন্তু এটি সম্ভব।
আপনি যদি পরিকল্পিতভাবে অধ্যাপক খোঁজেন, গবেষণা বুঝে ই-মেইল করেন, ধৈর্য ধরে লেগে থাকেন তাহলে সঠিক সময়েই সঠিক সুযোগ আপনার কাছে আসবে।

আজই শুরু করুন অধ্যাপক খোঁজার যাত্রা জানুন, পড়ুন, যোগাযোগ করুন।
উচ্চ শিক্ষা বাংলাদেশী শিক্ষার্থীদের জন্য সহজ হোক।

author_photo
Masum Hossain

0 comment